ফেনী প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
রোববার ভোরে চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)-এর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। অপর এক নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলের নিকটবর্তী একটি সেতুর সংস্কারকাজ চলায় ওই এলাকায় যানবাহনের গতি ধীর ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স স্পিডব্রেকার অতিক্রম করার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় দুই গাড়ির চালক ও সহকারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
এরই মধ্যে পেছন থেকে দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যানজটের মধ্যে ঢুকে পড়ে এবং একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম জানান, হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে একজন ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.