Nabadhara
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাল দখলদারদের বয়কটের আহ্বান, ঠিকভাবে খননের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ২২, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, খালের দিকে তাকালেই বোঝা যাবে কারা দখল করেছে। যারা খাল দখল করেছে, তাদের বয়কট করতে হবে।

শক্তি প্রয়োগের প্রয়োজন নেই, বরং মন থেকে ঘৃণা করলেই যথেষ্ট। রোববার দুপুরে উপজেলার আংগারিয়া এলাকার তুলাতলা খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, দেশের প্রতিটি খাল উদ্ধার করে মানুষের ব্যবহারের উপযোগী করা হবে। খালকে ঘিরেই একসময় মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছিল। সেই ধারা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এটি সরকারের এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।

খাল খনন কাজে অনিয়মের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশে একটি প্রচলিত কথা আছে—খাল খনন না করে ‘খাল শেভ’ করা হয়। এমন যেন না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রকৃত অর্থে খনন কাজ নিশ্চিত করতে স্থানীয় জনগণকেও ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ আসনের সাংসদ রফিকুল ইসলাম জামাল বলেন, খাল কাটার পর তা সঠিকভাবে খনন হয়েছে কি না, তা পরিমাপ করে দেখা হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ৪১ কিলোমিটার দৈর্ঘ্যের তুলাতলা খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি ও নৌযাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।