ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করার অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে ইমাদ পরিবহন ও পালকি পরিবহনকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার। এ সময় ভাণ্ডারিয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ জাফরসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে এই জরিমানা করা হয়। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদের নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার জানান, ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করছে না। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.