রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলা সদরের অন্যতম বৃহৎ কাটেঙ্গা বাজারে খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তার এ সিদ্ধান্তকে ঘিরে বাজারজুড়ে স্বস্তি ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
রোববার (২২ মার্চ) দেওয়া এ ঘোষণার পাশাপাশি বাজার এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে দীর্ঘদিনের শৃঙ্খলা ও স্বাভাবিকতা ফিরে আসবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাটেঙ্গা বাজারে খাজনা আদায় এবং সড়কের ওপর দোকান বসানোর কারণে ব্যবসায়ী ও ক্রেতারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। নতুন এ সিদ্ধান্তের ফলে বাজারের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান তারা।
ব্যবসায়ীরা বলছেন, খাজনা বন্ধ হওয়ায় তাদের আর্থিক চাপ কমেছে এবং স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন। একই সঙ্গে ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন।
কাটেঙ্গা বাজারের ইজারাদার ওবায়দুল্লাহ বলেন, “এলাকার মানুষের কথা চিন্তা করেই এমপি আজিজুল বারী হেলাল এ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার এ উদ্যোগকে স্বাগত জানাই। খাজনা বন্ধ হওয়ায় বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।”
তিনি আরও বলেন, সড়ক দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও জোরদার হবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা মনে করছেন, এমপি হেলালের এ সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া একটি সময়োপযোগী পদক্ষেপ।
এতে বাজারকেন্দ্রিক জনজীবনে স্বস্তি ফিরে এসেছে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.