ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত মো. নুর আহম্মদ (৬৫) একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আকবর আলীর ছেলে। তিনি দীর্ঘ প্রায় তিন দশক ধরে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা যায়, বাড়ির মালিকপক্ষ বর্তমানে বিদেশে অবস্থান করায় নুর আহম্মদ একাই বাড়িটি দেখাশোনা করতেন। সোমবার সকালে তার ছেলে সুমন মিয়া বাবাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে বাড়ির দিকে যান। গেট বন্ধ থাকায় তিনি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। পরে বাড়ির পশ্চিম পাশ থেকে গোঙানির শব্দ পেয়ে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার বাবাকে পড়ে থাকতে দেখেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় নুর আহম্মদকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে পথিমধ্যেই তিনি মারা যান।
পরিবারের দাবি, নুর আহম্মদের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। স্থানীয়দের ধারণা, নির্জনতার সুযোগে চুরির উদ্দেশ্যে আসা দুর্বৃত্তদের তিনি চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদির ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.