যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আলমগীর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) ভোরে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আলমগীর চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার মাশিলা লক্ষ্মণপুর এলাকায় বিজিবি ক্যাম্পের পাশ থেকে আলমগীরকে চোর সন্দেহে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চৌগাছা থানার সেকেন্ড অফিসার অভিজিৎ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ পরে জানতে পেরেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

