মনিরামপুর (যশোর) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে যশোরের মনিরামপুরের এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহতরা হলেন— জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, প্রাইভেটকারটি চুয়াডাঙ্গা থেকে যশোরের দিকে আসছিল। চালক জনি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই জনি ও তার বাবা আব্দুল মজিদ সরদার মারা যান। গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকায় রেফার করা হয়েছে।
নিহত জনির আইটি ফার্মের সহকর্মী রিয়াদ হোসেন জানান, সোমবার পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে করে চুয়াডাঙ্গায় নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন জনি। রাতে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত তিনজনের মরদেহ বাড়িতে নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.