নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় মেসার্স খন্দকার অটো পার্টসকে অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ এবং অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় বীরপুর সিএনজি স্ট্যান্ডে এক তেল বিক্রেতাকেও অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে পৌরসভা মোড় এলাকায় অবস্থিত মেসার্স জনতা বেকারী অ্যান্ড কনফেকশনারিকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রির দায়ে ‘ওজন ও পরিমাণ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে চৌয়ালা এলাকার মেসার্স মৌমিতা বেকারীকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সাহেপ্রতাপ এলাকার আজাদ ফিলিং স্টেশন, ভুইয়া সিএনজি অ্যান্ড কনভার্সন এবং পাচদোনা এলাকার ভুইয়া সিএনজিতে ডিজেল বিক্রি ও পরিমাপ স্বাভাবিক পাওয়া গেলেও অকটেন ও পেট্রোল স্টোরেজ ট্যাংকে কোনো তেল পাওয়া যায়নি।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা জাহান সরকার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.