চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫-২০ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের দেওয়া আগুনে ২০-২৫টি বাড়িঘর ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে চিতলমারী ও মোল্লাহাট ফায়ার সার্ভিসের ৪টি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পুরোনো বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চিংগুড়ি গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ ও মনজুর শেখ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয় এবং মনজুর শেখ গ্রুপের রাজীব শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়। এ সময় মনজুর শেখের বাড়িসহ ২০-২৫টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে চিতলমারী ও মোল্লাহাট ফায়ার সার্ভিসের একাধিক টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়।
২৭ মার্চ শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে জানা গেছে, মনজুর শেখ, ইদ্রিস শেখ, মহর শেখ, সাইফুল শেখ, লেয়াকাত শেখসহ প্রায় ২০-২৫টি ঘর প্রতিপক্ষের দেওয়া আগুনে ভস্মীভূত হয়েছে। অনেক বাড়িতে এখনো আগুনের ধোঁয়া বের হচ্ছে। গৃহপালিত পশু, হাঁস-মুরগিসহ অনেক জিনিসপত্র আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে মনজুর শেখের ছোট ভাই সাইফুল শেখ ও ভুক্তভোগী ইদ্রিস শেখ জানান, হঠাৎ করে সাঈদ বিশ্বাসের নেতৃত্বে তাদের ওপর হামলা চালিয়ে ২০-২৫টি ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এবং একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আহত অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাঈদ বিশ্বাস গ্রুপের মৃত মিতুল বিশ্বাসের স্ত্রী রেশমা জানান, ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় মনজুর শেখের লোকজন হামলা চালায়। বিয়ের বরসহ বাড়ির লোকজনের ওপর আক্রমণ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
চিতলমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ এস এম আব্দুল আওদুদ জানান, খবর পেয়ে চিতলমারী ও মোল্লাহাটের ৪টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ২০ থেকে ২৫টি বাড়িতে আগুন দেওয়া হয়।
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। এলাকায় এখনো পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.