নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে।
শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন করা সড়কগুলো হলো—মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়ক, শেরপুর ইউনিয়নের কপালহর-লংগারপাড় সড়ক এবং জাহাঙ্গীপুর ইউনিয়নের রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা সড়ক। এছাড়া ১ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৩০০ টাকা ব্যয়ে নির্মিত পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
জানা যায়, উল্লিখিত তিনটি সড়ক নির্মাণে সরকার ৪ কোটি ১ লাখ ৬৬ হাজার ৭৭৯ টাকা বরাদ্দ দিয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের করের টাকা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে।
তিনি বলেন, “সরকার যা কিছু করবে তা জনগণকে জানিয়ে দেওয়া হবে, কোনো ধরনের লুকোচুরি থাকবে না।”
এ সময় তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেন ফেরদৌসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

