দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকসহ ২জন মাদক চোরাকারবারী আটক এবং মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/এমপি হতে আনুমানিক ১০গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দিরপাড়া নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিজিবি’র টহল দল অভিযান চালায়।
এসময় মাদক চোরাকারবারী মো. মিঠুন মন্ডল (৩৫) এবং শহীদ হোসেন (২৫) কে ২০ বোতল মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে একইদিন রাত ১টায় চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ কেজি কারেন্ট জাল এবং ৪ লিটার অকটেন তেল উদ্ধার করে।
এছাড়াও আজ শুক্রবার ভোর ৪.২০টায় বিলগাথুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব বিলগাথুয়া মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৯ হাজার ৫২০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি’র অভিযানে আটক মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান দমনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এমন কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বিজিবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

