
যশোর প্রতিনিধি
যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (২৮ মার্চ)। বার কার্যালয়ে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করছে—শাহজাহান আলী বিশ্বাস ও মো. ইসতিয়াক আহমেদ পরিষদ এবং শেখ তাজ হোসেন তাজু ও বোরহান উদ্দিন সিদ্দিকী প্যানেল। ১৫টি পদের বিপরীতে শাহজাহান-ইসতিয়াক পরিষদ পূর্ণ প্যানেলে ১৫ জন প্রার্থী দিলেও তাজু-বোরহান প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।
এ নির্বাচনে মোট ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে বারের পরিবেশ বেশ জমে উঠেছে। প্রার্থীরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে সমর্থন চাইছেন।
ভোটারদের একাংশ জানান, দীর্ঘদিন ধরে সংগঠনে পরিবারতন্ত্রের অভিযোগ রয়েছে। এবারের নির্বাচনে তারা পরিবর্তনের পক্ষে মত দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
তাজু-বোরহান প্যানেল ইতোমধ্যে ১০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। এতে গঠনতন্ত্র সংস্কার, উপদেষ্টা পরিষদ গঠন, নতুন সদস্যদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থের ৬০ শতাংশ ফেরত, সদস্য ভর্তিতে মানসম্মত ফি নির্ধারণ, সদস্যদের কল্যাণ তহবিল গঠন, বছরে দুইবার সাধারণ সভা, প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।
সভাপতি পদপ্রার্থী শেখ তাজ হোসেন তাজু বলেন, পরিবর্তন প্রত্যাশী সদস্যরা তাদের প্যানেলকে সমর্থন দিচ্ছেন এবং তারা বিজয়ী হবেন বলে আশা করছেন। তার প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও মো. রফিকুল ইসলাম সজীব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময় এবং সদস্য পদে আব্দুল্লাহ আল-নোমান, শাহাজাহান কবীর খান, শেখ নাজমুল হুদা, মো. আমিনুল এহসান ও মো. আলীবুদ্দিন খান।
অন্যদিকে, শাহজাহান-ইসতিয়াক পরিষদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করা হয়নি। সদস্য পদপ্রার্থী বিএম আলমগীর সিদ্দিকী সবুজ বলেন, তাদের পূর্ববর্তী কার্যক্রম সম্পর্কে সদস্যরা অবগত আছেন এবং নির্বাচিত হলে সদস্যদের স্বার্থে কাজ করবেন।
এই প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—সহসভাপতি-১ পদে আল ইসলাম, সহসভাপতি-২ পদে গোপীনাথ রায় চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে ইফতেখার আলম রিপন ও আব্দুল হালিম, অর্থ সম্পাদক পদে মো. আবুল কালাম এবং সদস্য পদে চিরন্তন মল্লিক, বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, মো. শফিকুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এসএম শাহরিয়ার হক ও মো. আরিফ মাহমুদ দোলন।
এছাড়া সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আশরাফুল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.