একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর বর্বরোচিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের দৈনিক সুনামকন্ঠ কার্যালয়ের তৃতীয় তলায় বিএনপি নেতা আব্দুল মমিন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মমিন অভিযোগ করেন, গত ২২ মার্চ সন্ধ্যায় পাথারিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী আঙ্গুর মিয়া ও তার বাহিনীর সদস্যরা বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় মোহাম্মদ আলীর মাথা ও গলায় গুরুতর জোপানো জখম করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার জানায়, হামলার পর সন্ত্রাসীরা মোহাম্মদ আলী ও আব্দুল মমিনের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযুক্ত আঙ্গুর মিয়া ও তার সহযোগীরা এলাকায় মাদক, জুয়া এবং জলমহাল দখলের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
সংবাদ সম্মেলন থেকে আব্দুল মমিন নিজের ও এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

