আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযান পরিচালনাকালে খুন, ডাকাতি, আগ্নেয়াস্ত্র মামলাসহ ১১টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী ভূমিদস্যু রিপন হোসেনসহ জিআর পরোয়ায়ানাভূক্ত ১জন সহ সর্বমোট ২ (দুই) জন আসামী গ্রেফতার হয়েছে।
আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ র্যাব-৬, যশোর এর সহায়তায় যশোর, কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে খুন, ডাকাতি, আগ্নেয়াস্ত্র মামলাসহ ১১টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী রিপন হোসেন (৩২), পিতা- আবুল হোসেন গাজী, সাং- নোড়ারচক, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে শনিবার ২৮/০৩/২০২৬ ইং তারিখ রাতে গ্রেফতার করা হয়।
এছাড়াও একই তারিখ রাত অনুমান ১১টার দিকে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম এলাকা হতে জিআর পরোয়ানাভূক্ত আসামী শেখ মোঃ মইনুদ্দিন, পিতা-মৃত শেখ নুর আলী, সাং-জগন্নাথপুর (হাদিপুর) থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে ইং-২৯/০৩/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রিপনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে ছিল।
তাকে গ্রেফতার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।

