যশোর প্রতিনিধি
যশোরে দারিদ্র্য ও প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা কাজী জুয়েল হোসেনকে স্বাবলম্বী করতে পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। তাকে একটি চায়ের দোকান করে দেওয়ার পাশাপাশি তার শিশু কন্যার পড়াশোনার জন্য বই ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, জাতীয় নির্বাচনের সময় যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের বাসিন্দা কাজী জুয়েল হোসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে সহায়তা চেয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে আল মামুন ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করে।
রোববার (২৯ মার্চ) জুয়েলের নতুন চায়ের দোকানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। তিনি জুয়েলের হাতে দোকানের দায়িত্ব বুঝিয়ে দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, আহ্বায়ক তানভীর হায়দার তমাল, সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

