মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের তৈরির অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মাহাতাব মোড়ল ওই গ্রামের বুধো মোড়লের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাহাতাব মোড়ল প্রায় ৮৫ শতক কৃষিজমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছিলেন। পাশাপাশি সরকারি প্রায় ৫০ শতক রাস্তা দখল করে মাটি কেটে ঘের সম্প্রসারণের অভিযোগও পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, শনিবার হরিহরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নোটিশ দিয়ে মাটি কাটা বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু তা উপেক্ষা করে মাহাতাব মোড়ল রাতভর মাটি কাটার কাজ চালিয়ে যান, যা রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ও চলমান ছিল।
এ অবস্থায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় আসামির পরিবার ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা নিজ খরচে সংস্কার করার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.