জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—আহাম্মেদাবাদ ইউনিয়নের একডালা গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী জোবেদা বেগম (৩৮), একই ইউনিয়নের হারুন্জা ফকিরপাড়া গ্রামের ওবায়দুল রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৩), উদয়পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫), জহির উদ্দিনের ছেলে জাবেদুর আলী (৩৯), হারুন্জা পশ্চিমপাড়া গ্রামের ছাকাউল ইসলামের ছেলে আবু হাসান (৩৫), দক্ষিণ ভাবকি গ্রামের সাইদুর রহমানের ছেলে শাহীন মন্ডল (৩২) এবং তার স্ত্রী পলি বেগম (২৫)।
সোমবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ ও ৩০ মার্চ দুই দিনে পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আহাম্মেদাবাদ ও উদয়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার ৩৯৪ টাকা উদ্ধার করা হয়।
কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

