Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র পরিবারের মেধাবী যশোরের মেয়ে ঐশির সাফল্যের গল্প

যশোর প্রতিনিধি 
মার্চ ৩১, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

অদম্য মেধা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে দারিদ্র্য কখনো বাধা হতে পারে না—এর উজ্জ্বল উদাহরণ যশোরের মেয়ে ফারহানা সুলতানা ঐশি। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) থেকে শুরু করে এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা—সবক্ষেত্রেই তিনি দেখিয়েছেন অসাধারণ সাফল্য।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ব্যবসায় অনুষদের ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ঐশি।

মঙ্গলবার ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় ঐশি জানান, তিনি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিভাগে ভর্তি হয়েছেন এবং সেখানেই পড়াশোনা চালিয়ে যেতে চান। ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হয়ে দেশের জন্য কাজ করার স্বপ্ন দেখেন তিনি।

যশোর সদরের নওয়াপড়া ইউনিয়নের শেখহাটি তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ঐশি। তার বাবা মেহেদী হাসান যশোর শহরের একটি কাপড়ের দোকানে কাজ করেন এবং মা রাফেজা খাতুন গৃহিণী। সীমিত সামর্থ্যের মধ্যেও পরিবারের একমাত্র সন্তান ঐশির পড়াশোনায় কোনো কমতি রাখেননি তারা।

ঐশির শিক্ষাজীবন শুরু হয় আইইডিবি মডেল প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে শেখহাটি শফিয়ার রহমান মডেল অ্যাকাডেমি থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি পান। এরপর যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। যশোর শিক্ষাবোর্ডে তিনি তৃতীয় স্থান অধিকার করেন।

বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে তার পাশে দাঁড়ান যশোর শহরের একটি কোচিং সেন্টারের পরিচালক বাকী বিল্লাহ। ঐশির ভাষায়, তিনি কখনো কোচিং ফি নেননি, এমনকি বই কেনা ও ভর্তি প্রক্রিয়ার খরচও বহন করেছেন।

শুধু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়াই নয়, ঐশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ৮০তম এবং ‘বি’ ইউনিটে ১৬তম স্থান অর্জন করেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটে তৃতীয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন।

ঐশি জানান, তার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার মা, দাদি, খালা ও কাকার। পাশাপাশি শিক্ষকদের উৎসাহ ও সহযোগিতা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

তিনি বলেন, “অর্থনৈতিক সংকট থাকলেও পড়াশোনার ক্ষেত্রে কখনো থেমে যাইনি। যারা দরিদ্র হয়েও স্বপ্ন দেখে, ভবিষ্যতে তাদের জন্য কিছু করতে চাই।”

ঐশির শিক্ষক যশোর সরকারি এমএম কলেজের বাংলা বিভাগের শিক্ষক রেহমান আজিজ বলেন, “সে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। সে যেখানে পরীক্ষা দিয়েছে, সেখানেই কৃতিত্ব দেখিয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।