নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ চলাচলের কেন্দ্র জয়দেবপুর রেলক্রসিং এলাকায় সম্প্রতি পরিচালিত উচ্ছেদ অভিযান সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই অবৈধ দখল পুনরায় শুরু হয়েছে।
গত সোমবার গাজীপুর সিটি করপোরেশন ও রেলওয়ের যৌথ উদ্যোগে রেলক্রসিং এলাকার অবৈধ দোকান, হকার ও অস্থায়ী স্থাপনা সরানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। তিনি বলেন, “গাজীপুরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রীন সিটি হিসেবে গড়ে তোলার জন্য উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত তদারকি চালানো হবে।”
তবে অভিযানের পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আবারও কিছু দোকান ও হকার এলাকায় অবস্থান নিতে শুরু করে। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান জানান, “আজকের উচ্ছেদ কার্যক্রম আংশিক ছিল। আগামী ২/১ দিনের মধ্যে পুরো এলাকাটি অবৈধ দখলমুক্ত করার জন্য ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে। জয়দেবপুর রেলক্রসিং এলাকার আধুনিকায়নের লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, ফুটপাত সংস্কার ও নাগরিক চলাচল সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন, কিন্তু পুনরায় দখলের ঘটনায় তারা হতাশ। তারা বলছেন, শুধুমাত্র উচ্ছেদ যথেষ্ট নয়, বরং সার্বক্ষণিক নজরদারি ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োগ করতে হবে যাতে পুনরায় দখল রোধ করা যায়।
জয়দেবপুর রেলক্রসিং একসময় গাজীপুরবাসীর ‘গলার কাঁটা’ হিসেবে পরিচিত ছিল। এবার সরকারি উদ্যোগ কতটা কার্যকর ও টেকসই হবে, তা আগামী দিনগুলোই প্রমাণ করবে।

