নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলায় খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ) উপজেলার চালাকচর বাজার, কাচিকাটা ভূইয়া বাজার ও খিদিরপুর ইউনিয়নের দরগা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৩টি পৃথক মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া সাগরদী স্টার ট্রেডার্স ফিলিং স্টেশনে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ. মুহাইমিন আল জিহান। এসময় তিনি বিক্রেতাদের সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রির নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
অভিযানকালে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.