আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকতাড়া কালিবাড়ি বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার স্ত্রী মারুফা খাতুনের মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পেছনে কৌশলে লুকিয়ে রাখা ৪টি ড্রামে সংরক্ষিত প্রায় ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় হাফিজুর রহমান পালিয়ে যান।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. তাওহিদুল হাসান। অনুমোদনহীন স্থানে ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্তদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে তেল বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাফিজুর রহমান চোরাই পথে তেল সংগ্রহের কথা স্বীকার করেন। তিনি জানান, তিনি প্রায় সাড়ে ৮০০ লিটার তেল কিনেছিলেন। তবে তেলের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.