টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারের চৌরঙ্গি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কবির হোসেন তালুকদার (৬০) ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান। তিনি জানান, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত রায়ের পর উপজেলার শিশু পার্ক সংলগ্ন সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে একটি দল রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে।
এ ঘটনায় তদন্তে কবির হোসেন তালুকদারের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মোট ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.