নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে এবং সমাজে অপরাধ প্রবণতা রোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মাদ ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনি পরিণতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায়ও তুলে ধরা হয়।
উক্ত কর্মশালায় প্রধান আলোচক জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধ একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা অত্যন্ত জরুরি। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়াও তিনি বাল্যবিবাহের কুফল ও এর আইনি দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধই নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
সাইবার ক্রাইম বিষয়ে তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের সাথে সাথে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। পুলিশ সুপারের মনোমুগ্ধকর এবং চমৎকার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রায় এক ঘণ্টা যাবৎ চার শতাধিক স্কুল শিক্ষার্থী মনোযোগ দিয়ে শোনেন এবং সেই সাথে ভবিষ্যতে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. সেলিনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

