নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের জলাবদ্ধতা সমস্যা নিরসনে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে অবৈধ দখল ও কলকারখানার বর্জ্যে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরের আওতায় মোট ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে সব খাল পুনঃখনন, দখলমুক্তকরণ এবং স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করা হবে। তিনি জানান, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খালটি নগরীর গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত এবং আগামী ছয় মাসের মধ্যে খালটি দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ, বৃক্ষরোপণ এবং ফুলের বাগান করা হবে। পাশাপাশি খালের পাশে থাকা কলকারখানাগুলোর অপরিশোধিত বর্জ্য নিঃসরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, খালগুলো পুনঃখনন ও দখলমুক্ত করা গেলে গাজীপুর মহানগরের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে প্রশাসক গাজীপুর চৌরাস্তা এলাকায় ড্রেনের ময়লা অপসারণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। নগরবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

