টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার পাটগাতী বাজারে অবস্থিত মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ৪৫০০ লিটার ডিজেল তেল মজুদ এবং একই পরিমাণ তেল বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে তাদের এই জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত ৪৫০০ লিটার ডিজেল তেল সাধারণ মানুষের কাছে জনপ্রতি সর্বোচ্চ ৫ লিটার করে সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত মূল্যে তেল বিক্রি না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.