নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহে জেলায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু হামে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২১ জন শিশু ভর্তি রয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী যুক্ত হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি হলেও বিভিন্ন বয়সী রোগীও রয়েছে।
হামের লক্ষণ হিসেবে জ্বর, সর্দি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা যায়। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতা দেখা দিচ্ছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলা, বিশেষ করে গ্রামাঞ্চলে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত অনেক শিশুই পূর্বে টিকা নেয়নি, যা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্ত রোগীদের আলাদা আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইসঙ্গে জেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার এবং রোগীদের পৃথকভাবে চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, গত কয়েকদিন ধরে জ্বরের সঙ্গে শরীরে র্যাশ বা লালচে দানা নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা তাদের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণকে শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.