দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে একটি ফিলিং স্টেশনে নিয়ম ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজারে অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ম ভেঙে কন্টেইনারে তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে থাকা সাধারণ মানুষ তাদের বাধা দেয়।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত এএসআই মুশফিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে মুখে আঘাত পেয়ে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেন।
স্থানীয়রা আরও জানান, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ মেসার্স হাবিব ফিলিং স্টেশনে উপস্থিত থাকাকালীন শৃঙ্খলা বজায় রেখে তেল বিতরণ করা হচ্ছিল। তিনি চলে যাওয়ার পরপরই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে এবং প্রভাবশালীরা নিয়ম না মেনে জোরপূর্বক তেল নেওয়া শুরু করে।
মেসার্স হাবিব ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, তিনি সারাদিন বাইরে ছিলেন এবং হট্টগোল ও হাতাহাতির ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানেন না, তবে নিয়ম মেনেই তেল বিতরণ করা হচ্ছিল বলে দাবি করেন।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি উপস্থিত থাকাকালে সবকিছু স্বাভাবিক ছিল এবং সুশৃঙ্খলভাবে তেল সরবারাহ করা হচ্ছিল। পরে অন্য একটি অভিযোগ পেয়ে সেখানে অভিযানে গেলে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় বলে তিনি খবর পান।
এদিকে মেসার্স হাবিব ফিলিং স্টেশনে নিয়োগ করা ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত এ বি এম কামাল আহমেদ জানান, তেল নেওয়া নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় এক এএসআই আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে স্থানীয় পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইলিয়াস বলেন, সংশ্লিষ্ট পুলিশ সদস্য সংঘর্ষে নয়, বাঁশ সরাতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.