জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলায় শিশুদের মধ্যে ডায়রিয়া ও প্রাণঘাতী হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘণ্টায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৭০ জন শিশু ভর্তি হয়েছে। পাশাপাশি হামে আক্রান্ত আরও ৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ করেই শিশুদের মধ্যে এসব রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশু বিভাগে রোগীর চাপ বেড়েছে। আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, “হামে আক্রান্ত শিশুদের পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে, যা নিয়ে আমরা সতর্ক রয়েছি।”
তিনি আরও জানান, গরম আবহাওয়া ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, গুজবে কান না দিয়ে আতঙ্ক না ছড়িয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

