যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও শ্বশুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের বিড়কুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ভুক্তভোগীর স্বামী আল আমিন শেখ (২২), শ্বশুর মিলন শেখ (৪৫) এবং একই গ্রামের মজিদ গাজীর ছেলে মুরসালিন (৩৩)। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, বুধবার ভুক্তভোগীর মা রোজিনা বেগম বাদী হয়ে মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
এজাহার সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে বিড়কুল গ্রামের মাসুদ সরদারের মেয়ে মাসুরা বেগমের সঙ্গে একই গ্রামের আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি রওশন আরা বেগম তাকে তালাক দিতে চাপ দিয়ে আসছিলেন। মাসুরা রাজি না হওয়ায় গত ১৫ মার্চ রাতে আসামিরা কৌশলে তাকে ঘুমের ওষুধ মিশিয়ে কোমল পানীয় পান করিয়ে অচেতন করেন। পরে তার পায়ে ও যৌনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ করা হয়।
গত ২১ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় মাসুরা বাবার বাড়িতে গেলে ঘটনাটি জানাজানি হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বাদী রোজিনা বেগম বলেন, “আমার মেয়ের চিকিৎসা করাতে গিয়ে মামলা করতে দেরি হয়েছে। আমরা এই পাশবিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিন আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.