নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে মহানগরের অপরাধ প্রবণতা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এর পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ফলাফল পাওয়া যাবে। ভবিষ্যতেও সাংবাদিকদের সম্পৃক্ত করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিসি (হেডকোয়ার্টার) মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া, ডিসি (ট্রাফিক) এস এম আশরাফুল আলমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় পর্বে গাজীপুরের জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, এ ধরনের পুনর্মিলনী পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার কার্যকর মাধ্যম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম একই লক্ষ্য নিয়ে কাজ করে—জনস্বার্থ, স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
এ সময় সাংবাদিকরা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতিও তুলে ধরেন। বিশেষ করে টঙ্গী ও এরশদনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। সম্ভাব্য সহিংসতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সভাটি পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও স্থিতিশীল গাজীপুর গড়ে তোলার প্রত্যয়ে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.