মাদারীপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদামে চলতি মৌসুমে আমন চাল সংগ্রহ কার্যক্রম লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংগৃহীত চাল গুদামে সংরক্ষণ করা হয়েছে।
খাদ্য গুদাম সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে আংগারিয়া খাদ্য গুদামের জন্য আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৬ হাজার মেট্রিক টন। নির্ধারিত সময়ের মধ্যেই এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়। পরবর্তীতে চালের গুণগত মান ভালো হওয়ায় অতিরিক্ত আরও ২২ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।
আংগারিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলম জানান, খাদ্য বিভাগের কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকিতে এ বছর উন্নত মানের আমন চাল সংগ্রহ করা হয়েছে, যাতে কোনো ধরনের অভিযোগের সুযোগ না থাকে।
তিনি আরও জানান, সংগৃহীত চাল শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি কর্মসূচি ও খাতে ব্যবহৃত হবে। এর মধ্যে রয়েছে পুলিশ ও আনসার সদস্যদের রেশন, ভিজিডি/ভিজিএফ, কাবিখা, জিআর, ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও টিসিবিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, চাল সংগ্রহের সময় ১৪ শতাংশের নিচে আর্দ্রতা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে, ফলে চালের মান ভালো পাওয়া গেছে।
এ বিষয়ে শিকদার রাইস মিলের মালিক সোহরাব শিকদার বলেন, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি উন্নত মানের সিদ্ধ আমন চাল সরবরাহ করেছেন এবং গুণগত মানে কোনো ছাড় দেননি।
সদর উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ আব্দুর রাজ্জাক বলেন, নীতিমালা অনুযায়ী সরকার সরাসরি কৃষকের কাছ থেকে চাল সংগ্রহ করে না; ধান সংগ্রহ করা হয় কৃষকের কাছ থেকে এবং চাল সংগ্রহ করা হয় মিল মালিক বা ব্যবসায়ীদের কাছ থেকে। সেই অনুযায়ী মিলারদের কাছ থেকেই চাল সংগ্রহ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.