ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৮ লিটার তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘খান ভ্যারাইটিস স্টোর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৮ লিটার পেট্রোল ও ৪৪০ লিটার ডিজেল জব্দ করা হয়। দোকানটির মালিক এমাদুল খানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার আদালত পরিচালনা করেন। পরে জব্দকৃত জ্বালানি তেল নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এতে পেট্রোল প্রতি লিটার ১১০ টাকা ৩৫ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে বিক্রি হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সোবাহান, এসআই শাহিন, এসআই কাইয়ুম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার জানান, লাইসেন্স ছাড়া অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ রাখা আরও ২ হাজার ৩২০ লিটার ডিজেল জব্দ করে প্রশাসন। সেসব ঘটনায় দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

