নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের রাজগাতী গ্রামে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুশুলী ইউনিয়নের চংভাদেরা গ্রামের গোলাম মোস্তুফার পুত্র সৌরভ, শ্রাবনসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে মো. এরশাদ মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা এরশাদ মিয়াকে খুঁজতে থাকে এবং তার পিতা আব্দুর রহিম প্রতিবাদ করলে তাকে মারধর করে আহত করে।
পরে হামলাকারীরা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা আসবাবপত্র নষ্ট করে। অভিযোগ রয়েছে, তারা সোকেস ভেঙে নগদ প্রায় ৯৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিলে এরশাদ মিয়ার মেয়ে মাইশা আক্তার (১২)-কেও মারধর করা হয়।
ঘটনার সময় স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা মামলা করলে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী এরশাদ মিয়া বলেন, “পূর্ব শত্রুতার জেরে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে।”
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, এ ঘটনায় এরশাদ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.