পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব-১৩। এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত সুজন মহন্ত দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার চিন মহন্তের ছেলে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে নীলফামারী র্যাব-১৩ ক্যাম্পের একটি দল দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় চান মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৯ কেজি, দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি। এর আনুমানিক মূল্য প্রায় ৮৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের মিডিয়া কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সুজন মহন্ত মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিলেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার রোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

