মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় থানা পুলিশের অভিযানে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে দুরমুট বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুরমুট উত্তরপাড়ার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।
রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বস্তার ভিতর রাখা ৩টি পুটলা গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলায় ২ কেজি করে মোট ৬ কেজি গাঁজা ছিল বলে জানায়, মেমেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আলামত জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক আসামি হিসেবে হৃদয় (২৫), জীবন (২১) ও ময়না (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের মতে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং আশেপাশের যুব সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিচ্ছিল।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

