মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে চাঞ্চল্যকর এক ঘটনায় গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর কৃষ্ণ জীবনপুর এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকেই ছয়টি ঘোড়া জবাইয়ের প্রমাণসহ বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায় বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে নবাবগঞ্জে বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, “সংবাদ পাওয়ার পরপরই অভিযান চালানো হয়। ঘটনাস্থলে ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। এতে জড়িত তিনজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, জব্দ করা প্রায় ১২ মণ মাংস জনস্বার্থে মাটিতে পুঁতে নষ্ট করা হবে।
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই অভিযোগ করেন, “আমরা বাজার থেকে যে মাংস কিনছি, সেটি আসলে কোন প্রাণীর—তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।” তারা বাজারে মাংস বিক্রির ওপর প্রশাসনের কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

