যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের (টিসি) জন্য সীমিত সময়ের সুযোগ ঘোষণা করেছে। আগামী ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবে।
যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার সকল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে বলে নিশ্চিত করেছেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।
তিনি জানান, কলেজ পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত জিপিএ থাকতে হবে এবং যে কলেজে ভর্তি হতে চায় সেখানে আসন শূন্য থাকতে হবে। পাশাপাশি বর্তমান ও কাঙ্ক্ষিত—উভয় প্রতিষ্ঠানের প্রধানের সম্মতিও প্রয়োজন।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের বর্তমান কলেজের আইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে ইনস্টিটিউট প্যানেলের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদন শেষে সোনালী সেবার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে বা সরাসরি সোনালী ব্যাংকে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
ফি জমা হওয়ার পর বোর্ড কর্তৃপক্ষ আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেবে। অনুমোদনের পর সংশ্লিষ্ট দুই কলেজেই অনলাইনে অনুমোদনপত্র পৌঁছে যাবে। এরপর নির্ধারিত তারিখে শিক্ষার্থী নতুন কলেজে ভর্তি হতে পারবে এবং সেখান থেকেই তার বেতনসহ অন্যান্য কার্যক্রম চালু হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটিই কলেজ পরিবর্তনের শেষ সুযোগ। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

