দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিস্ফোরক বোমাসহ ১জন চোরাকারবারী আটক হয়েছে এবং উদ্ধার হয়েছে ১০ লক্ষাধিক টাকার মাদক ও মাদকদ্রব্য।
আজ শনিবার দুপুর ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ’ ধলা বিওপির দায়িত্বপূর্ণ ধলা মাঠে শুক্রবার দিবাগত রাত ১.৫০টায় বিজিবি’র বিশেষ অভিযানে বাংলাদেশী চোরাকারবারী মো. মনতাজ আলী (৬০) কে আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে ২টি বিস্ফোরক বোমা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে অপর একজন চোরাকারবারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক চোরাকারবারী কালিয়ানী গ্রামের মৃত আফসার আলী ছেলে।
সে জিজ্ঞাসাবাদে জানায়, এসব বিস্ফোরক বোমা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে পাচারকরা হয়েছে। পরে আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে তাকে।
অপরদিকে একইদিন রাত সাড়ে ১১টায় কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও একই রাতে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় পরিচালিত বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ১৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৮৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ১০ লক্ষ ৩৮ হাজার ৫২৫ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান দমনে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।
দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

