নোয়াখালী প্রতিনিধি
হঠাৎ বৈরী আবহাওয়ার দাপটে নোয়াখালীর রেলপথে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে জেলা শহর মাইজদীসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। ঝড়ের তীব্রতায় একাধিক স্থানে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে, ফলে ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পথে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে ধীরগতিতে এগোয়। একাধিক স্থানে গাছ সরিয়ে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছালেও দীর্ঘ সময় সেখানে আটকে থাকে। পরে আংশিকভাবে লাইন পরিষ্কার হলে ট্রেনটি চৌমুহনীর দিকে যাত্রা শুরু করে। তবে পুরো রুট এখনও ঝুঁকিমুক্ত না হওয়ায় অনিশ্চয়তা কাটেনি।
ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে এখনো গাছ পড়ে থাকায় স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছানো নিয়েও শঙ্কা রয়েছে।
হঠাৎ এই পরিস্থিতিতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা না করে বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে রওনা দেন।
নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকেই গাছ অপসারণে কাজ করছেন। দ্রুত রেলপথ সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.