যশোর প্রতিনিধি
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন। এ সফরে তিনি যশোরের শার্শা উপজেলার উলাশীতে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
একই দিনে তিনি যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সম্ভাব্য সফরের তারিখ হিসেবে ২৭ এপ্রিল উল্লেখ করেন। পরবর্তীতে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রীর এই সফরসূচি চূড়ান্ত হয়েছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি যশোরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যাপক খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে এবং উলাশী খাল পুনঃখনন তিনি নিজে উদ্বোধন করবেন।
উলাশী-যদুনাথপুর খাল, যা স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমে ভরাট হয়ে গেছে এবং শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, খালটি পুনঃখননে প্রায় এক কোটি ৩৭ লাখ টাকার প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

