যশোর প্রতিনিধি
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে বের হওয়া র্যালিটি শহরের এসপি অফিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুদ রানা। এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক খুলনার ব্যবস্থাপক মহিতোষ রায়, যশোর সদর উপজেলার ব্র্যাকের ব্যবস্থাপক আসাদুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
সভায় বক্তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যথাযথ ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবার প্রসারের আহ্বান জানানো হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজের নেতৃত্বে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আবাসিক চিকিৎসা কর্মকর্তা, নার্স, কর্মচারী ও ব্র্যাকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এছাড়া বাঘারপাড়া, মনিরামপুর, শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। এসব আয়োজনে তৃণমূল পর্যায়ে বিজ্ঞানের সুফল কাজে লাগিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সারাদেশের ন্যায় যশোরেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.