মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজারে দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে মানবেতর জীবন কাটাচ্ছিলেন পরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন নারী।
জনসমাগমের মাঝেও তার দিনগুলো ছিল অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভরা। সম্প্রতি শারীরিক পরিবর্তনে বিষয়টি নজরে এলে জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা। খবরটি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিতে আসতেই উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে পৌঁছান ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রশাসনের উদ্যোগে দ্রুত ওই নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
তার জন্য তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় পুষ্টি ও সার্বিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে তাকে গাজীপুরের পুবাইল এলাকায় একটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে তার নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে।
ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, এটি কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক কর্তব্যও। সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।
নাম-পরিচয়হীন এই নারী কথা বলতে পারেন না। সরকারি বিধান অনুযায়ী তার দুই বছরের সার্বিক দেখভালের ব্যবস্থা করা হয়েছে। তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল, তবে তা সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা স্বস্তি বোধ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.