দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার হয়েছে এবং এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া নকল সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা বলে জানাগেছে।
র্যাব সূত্র জানায়, নকল সিগারেট মজুদের গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়।
এসময় জালাল উদ্দিনের বসতবাড়ি থেকে ৪ হাজার ৮০০ প্যাকেট নকল সিগারেট উদ্ধার করা হয় এবং আটক করা হয় জালাল উদ্দিনের ছেলে মোহন ইসলাম (২৪) কে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নকল সিগারেট ‘রয়্যালস অফ লন্ডন’ ব্র্যান্ডের, যেগুলোর গায়ে নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প ও ট্রেডমার্ক ব্যবহার করা হয়েছে বলে র্যাবের জিজ্ঞাসাবাদে আটক মোহন ইসলাম জানিয়েছে।
এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। মামলার বাদী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন যে, জালাল উদ্দিনের বাড়িতে অবৈধভাবে নকল সিগারেট মজুদ করে বাজারজাত করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
বিষয়টি র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়াকে জানানো হলে তাৎক্ষণিকভাবে তারা অভিযান চালিয়ে এসব নকল সিগারেট উদ্ধার করে এবং আটক করে একজনকে। উদ্ধার হওয়া ৪ হাজার ৮০০ নকল সিগারেটের প্যাকেটে ৯৬ হাজার শলাকা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
তবে স্থানীয় সূত্রে আরো জানা গেছে, অভিযুক্ত মোহন ইসলাম দীর্ঘদিন ধরে নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে সরকারি কর ফাঁকি দিয়ে এবং প্রতিষ্ঠিত কোম্পানির ট্রেডমার্ক ব্যবহার করে অবৈধভাবে নকল সিগারেট বিক্রি করে আসছিলেন, যার ফলে সরকারের বিপলু অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছিল।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারা এবং ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ৭৩ ধারায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, র্যাবের অভিযানে নকল সিগারেট ও জাল রাজস্ব স্ট্যাম্পসহ একজনকে আটক করেছে র্যাব।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

