জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সময়ানুবর্তিতার চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মচারীকে বেলা ১২টার আগে অফিসে পাওয়া যায়নি।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিস সহকারী (স্টোর কিপার) নাহিদ হোসেন অনুপস্থিত। তার অবস্থান সম্পর্কে সহকর্মীদের কাছে জানতে চাইলে তারা কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি। এতে অফিসের তদারকি ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।
প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বেলা ১২টার দিকে নাহিদ হোসেন অফিসে উপস্থিত হন। দেরির কারণ হিসেবে তিনি ফুয়েল পাম্পে দীর্ঘ লাইনের কথা উল্লেখ করেন। তবে স্থানীয়দের অভিযোগ, এটি দায়িত্বে অবহেলা ঢাকার একটি অজুহাত মাত্র।
এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। নাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে এবং ভবিষ্যতে দেরিতে অফিসে আসলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

