Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুতের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুতের অভিযোগে ‘বাবলু পাল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। অবৈধ মজুদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

ফলে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ওই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড বা জরিমানা করা হয়। দন্ডিত বাবলু পাল স্টোরের মালিক বাবলু পাল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ৩০ দিনের বেশি তেল মজুত রাখা যায় না, অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে এসব তেল মজুত করে আসছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলী বলেন, চলমান বাজার মনিটরিংয়ে ভোজ্য তেলের কোনো প্রকৃত সংকটের প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় তেল মজুত করছে বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর ফলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।

অভিযান চলাকালে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।