আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের তালা ভেঙে দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকালে ইউনিয়নের খালিয়া পশ্চিমপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপি অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়াদুদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফুন্নাহার, সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী সানা, সাধারণ সম্পাদক এস এম শাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু ফুরকান গাজী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মন্টু ঢালী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়নে বিএনপির কার্যক্রম গতিশীল করতে খালিয়া গ্রামের মাওলানা আব্দুল হামিদের সম্মতিতে তার জমিতে অস্থায়ীভাবে ওয়ার্ড বিএনপি অফিস নির্মাণ করা হয়। কিন্তু গত ৫ এপ্রিল অভিযুক্ত মুছা সানার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অফিসের তালা ভেঙে ভেতরের মালামাল সরিয়ে নিয়ে নতুন তালা লাগিয়ে দখল করে নেয়।
তারা আরও অভিযোগ করেন, অফিসে রাখা টেবিল, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন বক্তারা।
বিএনপি নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার ও অফিস পুনরুদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী জানান, অফিসে তালা ঝুলানোর বিষয়টি তিনি শুনেছেন এবং বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করেছেন।

