নোয়াখালী প্রতিনিধি
তেলের জন্য দীর্ঘ সময় পেট্রোল পাম্পে অপেক্ষমাণ বাইকারদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে নোয়াখালী জেলা ছাত্রদল। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে এ কর্মসূচি পালন করা হয়।
তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে থাকা মানুষের মাঝে ছাত্রদলের এ উদ্যোগ স্বস্তি এনে দেয়। লাইনে দাঁড়িয়ে থাকা এক বাইকার আলাউদ্দিন বলেন, “দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছিল। ছাত্রদলের পানি ও স্যালাইন বিতরণ আমাদের জন্য অনেক স্বস্তির হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল, নোয়াখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সদর উপজেলার নেতা করিম উদ্দিন বাবু, শহর ছাত্রদলের জোবায়ের হোসেন আরিফ, ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল বলেন, “তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ কষ্ট কিছুটা লাঘবের লক্ষ্যেই কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব—সংকট যতদিন থাকবে, এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.