আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় আশাশুনির কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পর্যায়ে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা মানব পাচার ও নির্যাতনকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে শপথ গ্রহণ করেন। এছাড়াও মানব পাচারের শিকার ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন এবং সহযোগিতায় অংশগ্রহণের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “স্বাক্ষরে প্রতিপাদ” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচিও অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, আনোয়ারুল ইসলাম, ইমরান হোসেন ও সিটিআইপি শিমুল দাশ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বক্তারা মানব পাচারের কঠোর আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার, ভুক্তভোগিদের সুরক্ষা ও পুনর্বাসনের প্রয়োজনীয়তা জোর দিয়ে বলেন। এছাড়াও, পাচার রোধে সরকারী, বেসরকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ ভূমিকা, পাচারকারীদের কঠোর শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় ইমন হোসেন, রত্না সুলতানা, দিগন্ত মন্ডল, ইব্রাহিম হোসেন ও রাকিবা সুলতানা বিজয়ী হন। কুইজ প্রতিযোগিতায় স্নেহা সরকার, রাকিবুল হাসান, দিগন্ত মন্ডল, অমৃতা সরকার ও মুশফিক আরিফিন বিজয়ী হিসেবে পুরস্কার লাভ করেন।
রূপান্তরের পক্ষে আশ্বাস প্রকল্পের সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল ও মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

