রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৮ এপ্রিল যন্ত্রকৌশল ও কম্পিউটার প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং ক্যাম্পাসের একটি দোকানের ৭–৮টি চেয়ার ভাঙচুর হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষের সূত্রপাত ঘটে ৪ এপ্রিল রাতে, যখন সিএসই বিভাগের শিক্ষার্থী সাকিব রেজা তার ল্যাপটপ ব্যবহার করা নিয়ে যন্ত্রকৌশল বিভাগের ফয়সাল নাহার ও ফারহান তানভীরের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। পরে উভয় বিভাগের শিক্ষার্থীরা ৮ এপ্রিল সন্ধ্যায় মীমাংসার উদ্দেশ্যে বৈঠক করলে উত্তেজনা বৃদ্ধি পেয়ে পরিস্থিতি মারামারিতে রূপ নেয়।
সাকিব রেজা দাবি করেন, তার ওপর হামলা করা হয়েছে রাজনৈতিক কারণে এবং তার ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করা হয়েছে। অন্যদিকে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী লাবিব সিদ্দিক বলেন, ঘটনার মূল কারণ ব্যক্তিগত বিরোধ এবং প্রথমে সাকিবই হামলা চালান। সংঘর্ষের সময় উভয় পক্ষের প্রায় ২৫–৩০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আহত শিক্ষার্থীদের মধ্যে সাকিব রেজা রুয়েট মেডিকেল সেন্টার এবং রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা নেন। অন্য আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। নিরাপত্তা শাখা তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে।

