নবধারা ডেস্ক
নড়াইলের সদর উপজেলায় ফুটবল টুর্নামেন্টের নামে প্রশাসনের অনুমতি ছাড়াই র্যাফেল ড্র আয়োজনের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে শেখহাটি বাজার সংলগ্ন শেখহাটি তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রকাশ্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্থানীয় যুব সমাজ’ ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বঘোষিত সমাজসেবক জিকো মাহমুদ। তবে আয়োজকরা জেলা প্রশাসনের কোনো অনুমতি নেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, মাঠে ফুটবল খেলা চলাকালীন প্রবেশপথে দর্শনার্থীদের র্যাফেল ড্র-এর টিকিট কিনতে চাপ প্রয়োগ করা হচ্ছে। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয় ১০ টাকা এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় অনেক দর্শনার্থী অস্বস্তিতে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এর আগেও একইভাবে একাধিকবার খেলার আড়ালে র্যাফেল ড্র আয়োজন করা হয়েছে। টিকিট বিক্রির অর্থ ও পুরস্কারের পরিমাণ নিয়ে স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন তারা।
এ ধরনের আয়োজনের তীব্র সমালোচনা করেছেন সচেতন নাগরিক ও সমাজকর্মীরা। সমাজকর্মী কাজী হাফিজুর রহমান বলেন, “পুরস্কারের আশায় অর্থ ব্যয় করে অনিশ্চিত লাভের প্রত্যাশা করা জুয়ার শামিল। গ্রামীণ জনগণ না বুঝেই এতে জড়িয়ে পড়ে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
অভিযোগের বিষয়ে আয়োজক জিকো মাহমুদ দাবি করেন, তারা এসপি অফিস, ডিসি অফিস ও স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছিলেন। তবে আনুষ্ঠানিক অনুমতির বিষয়ে স্পষ্ট কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখহাটি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “র্যাফেল ড্রটি খেলাধুলার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। আইনি কোনো বাধা আছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।”
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্য সেখানে উপস্থিত থাকতে পারেন। অনুমতির বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করা হয়নি বলেই মনে হচ্ছে।”
অন্যদিকে জেলা প্রশাসক মো. আব্দুল ছালাম জানান, র্যাফেল ড্র আয়োজনের জন্য জেলা প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক। এ ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.